নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপির প্রার্থী মো. আব্দুল বারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। পথসভায় খিচুড়ি ভোজের আয়োজন করায় তাকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে তাঁকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী সময়ে খাবারের আয়োজন করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, যা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
নোটিশ অনুযায়ী, ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমানের মিনিগাড়ী বাড়ির উঠানে তিনটি বড় পাতিলে খিচুড়ি রান্না করা হচ্ছিল। পাশাপাশি আরও দুটি পাতিলে খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছিল। এ সময় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে রান্নার দায়িত্বে থাকা ব্যক্তিরা পালিয়ে যান।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে কমিটি জানতে পারে, বিএনপির প্রার্থী মো. আব্দুল বারীর একটি নির্বাচনী পথসভা উপলক্ষে অংশগ্রহণকারীদের আপ্যায়নের জন্য খিচুড়ি রান্নার আয়োজন করা হয়েছিল। পরে তিনটি বড় পাতিলে রান্না করা খিচুড়ি এবং অব্যবহৃত চাল, ডাল, তেল ও অন্যান্য মসলা জব্দ করা হয়। জব্দ করা খিচুড়ি ও রান্নার সামগ্রী পরে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয় বলেও নোটিশে উল্লেখ রয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, নির্বাচনী সময়ে এ ধরনের খাবারের আয়োজন ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে করা হয়েছে বলে প্রতীয়মান হয়, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে।
এ ঘটনায় আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় জয়পুরহাটে সংশ্লিষ্ট আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে হাজির না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে বিএনপির প্রার্থী মো. আব্দুল বারী শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পথসভা কিংবা খিচুড়ি রান্নার বিষয়ে আমি অবগত ছিলাম না। কেউ হয়তো আমাকে বিতর্কিত করার উদ্দেশ্যে এ কাজ করেছে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন