ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা–সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার ‘ভোটার স্থানান্তর’ নিয়ে নতুন বিতর্ক ছড়িয়েছে। প্রধান রাজনৈতিক দল বিএনপি এবারে ‘অস্বাভাবিক’ হারে ভোটার স্থানান্তরের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে। তবে নির্বাচন কমিশনের দাবি, ভোটার স্থানান্তরের হার স্বাভাবিক রয়েছে।
ঢাকা মহানগরীর কয়েকটি আসনসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটার স্থানান্তর নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিল বিএনপি। বিষয়টি তদন্ত করে দেখার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধও জানায় দলটি।
গত ১ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন এলাকায় অস্বাভাবিকভাবে ভোটার স্থানান্তরের তথ্য তারা পেয়েছেন। তিনি জানান, ইসি সংশ্লিষ্ট বিভাগ থেকে বলা হয়েছে, কোনো আসনেই দুই থেকে তিন হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি। তবে এই ব্যাখ্যায় বিএনপি সন্তুষ্ট নয়।
নজরুল ইসলাম খান বলেন, ইসিকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এমন হোল্ডিং নম্বর রয়েছে, যেখানে পাঁচজনের বেশি বসবাস করার কথা নয়, অথচ সেখানে ২০ থেকে ২৫ জন ভোটার দেখানো হয়েছে। এসব ভোটার ভুয়া কিংবা পরিকল্পিতভাবে ভোটার স্থানান্তরের সঙ্গে জড়িত থাকতে পারেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের আরও গভীরভাবে নজর দেওয়া প্রয়োজন।
সারাদেশে কত ভোটার স্থানান্তর
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, এবারে সারাদেশে ভোটার স্থানান্তরের আবেদন পড়েছে প্রায় ৮ লাখ ৪ হাজার। এর মধ্যে স্থানান্তর সম্পন্ন হয়েছে ৭ লাখ ৭১ হাজার ভোটারের।
ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে কুমিল্লা অঞ্চলে—১ লাখ ৫ হাজার ৫৪৩ জন। ঢাকা অঞ্চলে স্থানান্তর হয়েছেন ৮৬ হাজার ৮২৫ জন, বরিশাল অঞ্চলে ৮৫ হাজার ৭২০ জন, খুলনা অঞ্চলে ৮১ হাজার ৭২৫ জন এবং ময়মনসিংহ অঞ্চলে ৭৮ হাজার ৮০৫ জন।
এ ছাড়া রাজশাহী অঞ্চলে ভোটার স্থানান্তর হয়েছে ৭২ হাজার ৮১৫ জন, রংপুর অঞ্চলে ৬৩ হাজার ৮৯৭ জন, ফরিদপুর অঞ্চলে ৩৯ হাজার ৯৫ জন, চট্টগ্রাম অঞ্চলে ৩০ হাজার ৮৫ জন এবং সবচেয়ে কম সিলেট অঞ্চলে ২৭ হাজার ৫৭৬ জন।
ঢাকার ২০টি আসনে ভোটার স্থানান্তর
ভোটার স্থানান্তর নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ঢাকা জেলার ২০টি সংসদীয় আসন ঘিরে। এসব আসনে মোট ৫০ হাজার ৬৪৭ জন ভোটার স্থানান্তর হয়েছেন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, ঢাকা-১ আসনে স্থানান্তর হয়েছেন ৪ হাজার ৭৩২ জন, ঢাকা-২ এ ৩ হাজার ৯৭৮ জন, ঢাকা-৩ এ ১ হাজার ১০৩ জন, ঢাকা-৪ এ ৮৭২ জন, ঢাকা-৫ এ ২ হাজার ৬৯৪ জন, ঢাকা-৬ এ ৯১৫ জন এবং ঢাকা-৭ এ ৬৭৬ জন।
ঢাকা-৮ আসনে ৩ হাজার ৬৬৩ জন, ঢাকা-৯ এ ২ হাজার ৬৩৪ জন, ঢাকা-১০ এ ১ হাজার ৮৪৭ জন, ঢাকা-১১ তে ৩ হাজার ১৪১ জন, ঢাকা-১২ তে ৮৭৭ জন এবং ঢাকা-১৩ তে ২ হাজার ২৭৯ জন ভোটার স্থানান্তর হয়েছেন।
ঢাকা-১৪ আসনে ২ হাজার ৫৯ জন, জামায়াত আমিরের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে ৩ হাজার ৫২০ জন, ঢাকা-১৬ তে ২ হাজার ৭০৭ জন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন ঢাকা-১৭ তে ৩ হাজার ৬৬৪ জন, ঢাকা-১৮ তে ৪ হাজার ৭০ জন, ঢাকা-১৯ তে ২ হাজার ৫৪৩ জন এবং ঢাকা-২০ আসনে ২ হাজার ৬৭৩ জন ভোটার স্থানান্তর হয়েছেন।
গত চার বছরে ভোটার স্থানান্তর
ইসির তথ্য অনুযায়ী, গত চার বছরে মোট ২১ লাখ ১৫ হাজার ৪৫৮ জন ভোটার স্থানান্তর হয়েছেন। এর মধ্যে ২০২৪ সালে ৩ লাখ ৭০ হাজার ৯১৭ জন, ২০২৩ সালে ৪ লাখ ৬১ হাজার ৫৫৯ জন এবং ভোটার হালনাগাদের বছর ২০২২ সালে সর্বোচ্চ ৭ লাখ ১৭ হাজার ২০৮ জন ভোটার এলাকা পরিবর্তন করেন। ২০২১ সালে ভোটার স্থানান্তরের সংখ্যা ছিল ৫ লাখ ৬৫ হাজার ৭৭৪।
ভোটার সংখ্যা ও প্রস্তুতি
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ১২০ জন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে চলতি বছর ভোটার তালিকা হালনাগাদ করা হয়। গত সেপ্টেম্বরে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়। ৩১ অক্টোবর ভোটার তালিকাভুক্তির সময় শেষ হয় এবং মধ্য নভেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ ছিল।
ভোটার স্থানান্তর নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, ভোটার স্থানান্তর একটি চলমান প্রক্রিয়া, যা সারা বছর ধরেই হয়ে থাকে। সাধারণত উপজেলা বা থানা পর্যায় থেকে এসব আবেদন আসে। এবছর অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তরের কোনো ঘটনা ঘটেনি।
বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, যেহেতু দলটি নির্বাচন কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছে, কমিশন চাইলে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন