নওগাঁর মান্দা কারিগরি ও কৃষি কলেজ এবং ফরিদপুরের ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন কলেজের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে সরকার। এ ছাড়া তিনটি কলেজের নাম পরিবর্তনের বিষয়ে মতামত চাওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি চিঠিতে এ তথ্য জানা যায়।
কলেজের নাম পরিবর্তনের অনুমতির জন্য চিঠি ঢাকা ও রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নওগাঁর মান্দা কারিগরি ও কৃষি কলেজের নাম পরিবর্তন করে মান্দা মডেল কলেজ করা হয়েছে। ফরিদপুরের ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন কলেজের নাম পরিবর্তন করে ফরিদপুর মহাবিদ্যালয় রাখা হয়েছে।
এদিকে নাম পরিবর্তনের বিষয়ে মতামত চেয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বিষয়ে পুনরায় যাচাই সাপেক্ষে নামকরণের যৌক্তিকতা উল্লেখ করে মতামত বা সুপারিশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছে। চিঠিটি ঢাকা, যশোর ও বরিশাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের নাম পরিবর্তন করে দাঁতভাঙ্গা আদর্শ কলেজ, জনতা বাজার কলেজের নাম পরিবর্তন করে জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ এবং ভার্সেটাইল মডেল কলেজের নাম পরিবর্তন করে ভিক্টোরিয়া মডেল কলেজ নামকরণের সুপারিশ করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন