ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রায়গঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়নে এমপির মতবিনিময়

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:২৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিরাজগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আয়নুল হকের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং জনবল সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ফুলেল তোরা দিয়ে বরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ফ.ম. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি আয়নুল হক। সাবেক মেডিকেল অফিসার ডা. চন্দন কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফারিয়া তাসনীমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় এমপি ভিপি আয়নুল হক হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগসহকারে শোনেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসপাতালের বর্তমান চিকিৎসা কার্যক্রম, শয্যাসংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি, চিকিৎসক ও নার্সের স্বল্পতা এবং মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবার নানা চ্যালেঞ্জ তুলে ধরেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামের সাধারণ মানুষ যেন উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সেই লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে। তিনি হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরে বিষয়গুলো উপস্থাপনের আশ্বাস দেন। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানের আহ্বান জানান।

সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। সভা শেষে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, স্থানীয়রা আশা করছেন, এ মতবিনিময় সভার মাধ্যমে রায়গঞ্জের স্বাস্থ্যখাতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে।