ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাজার থেকে ৮ ধরনের পণ্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১০:০৯ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। নির্দেশিত পণ্যগুলোর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নির্ধারিত মান পূরণে ব্যর্থ হওয়ায় এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসটিআই।

সোমবার (২০ জুলাই) বিএসটিআইয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএসটিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় এসব পণ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি ও নির্ধারিত মানের ব্যত্যয় পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের আমের আচারে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়া গেছে। এ ছাড়া কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিমে বাংলাদেশ মানের চেয়ে অতিরিক্ত টোটাল মিল্ক সলিড নন-ফ্যাট পাওয়ায় পণ্যটি বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, অলিভ বাংলাদেশের লাবণ্য ব্র্যান্ডের চারটি প্রসাধনী পণ্যে—মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক এবং অ্যালোভেরা ভেরিয়েন্টের শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে। ফলে এসব পণ্যও বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে বিএসটিআই।

এ ছাড়া ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভেরিয়েন্টের সফট ড্রিংক পাউডারে বাংলাদেশ মানমাত্রার তুলনায় ভিটামিন ‘সি’ কম থাকায় পণ্য দুটি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসটিআই জানিয়েছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে প্রত্যাখ্যানপত্র দেওয়া হয়েছে। পণ্যের লাইসেন্স নবায়ন বা অনুমোদন না হওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, জনস্বার্থ ও ভোক্তা সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেশের সব পরিবেশক, ডিলার ও খুচরা বাজার থেকে এসব পণ্য অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিবিড়ভাবে তদারকি করবে বিএসটিআই।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।