ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে মার্কিন-ইসরাইল বিরোধীদের আনন্দ-উৎসব: ইরান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৭:২০ এএম
ছবি: সংগৃহীত

স্পেনের বিশ্বকাপ জয়ের জন্য দেশটিকে অভিনন্দন জানিয়েছে ইরান। তেহরানের দাবি, স্প্যানিশ দলের এই ঐতিহাসিক সাফল্য শুধু ক্রীড়াঙ্গনেই নয়, বরং বিশ্বের সেইসব মানুষের মাঝেও উচ্ছ্বাস সৃষ্টি করেছে, যারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নীতির সমালোচক এবং তাদের আগ্রাসনের বিরোধিতা করে।

সাম্প্রতিক সময়ে স্পেন সরকারের কয়েকটি রাজনৈতিক অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে গাজায় ইসরাইলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের নীতির বিরোধিতা করায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির প্রতি উল্লেখযোগ্য সমর্থন দেখা যায়। বিশ্লেষকদের মতে, এসব অবস্থানের কারণে বিশ্বজুড়ে স্পেনের প্রতি ইতিবাচক জনমত আরও জোরালো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, দেশটির শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বাঘের গালিবাফ স্পেনের ফুটবলার ও জনগণের প্রশংসা করেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের অধিকার প্রশ্নে স্প্যানিশ খেলোয়াড়দের অবস্থান এবং ইরানের প্রতি স্পেনের ইতিবাচক মনোভাব প্রমাণ করে যে স্বাধীনচেতা দৃষ্টিভঙ্গি ও দৃঢ় অবস্থান স্প্যানিশ জাতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের অন্যতম।