ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৯:১৪ পিএম
ছবি : সংগৃহীত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত ও সহজপ্রাপ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকেরা যেন রোগীদের চিকিৎসাসেবা প্রদানে আরও আন্তরিক হন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এটাই প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে গিয়ে বৈঠক করলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। বৈঠকের শুরুতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে স্বাস্থ্য খাতে অর্জনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান। তারা এ সময় স্বাস্থ্য খাতের বিভিন্ন অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে জানান, বিগত সরকারগুলোর সময় স্বাস্থ্য খাত চরম অব্যবস্থাপনার মধ্যে পড়ে যায় এবং প্রান্তিক মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে ওঠে। সেই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার নিরলসভাবে কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রায়ই অভিযোগ আসে যে, উপজেলা পর্যায়ে চিকিৎসক থাকলেও রোগীরা সন্তোষজনক চিকিৎসাসেবা পান না। অনেক ক্ষেত্রে চিকিৎসকদের দায়িত্বে অবহেলার বিষয়ও উঠে আসে। এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি নির্দেশ দেন।

তিনি বলেন, যেভাবেই হোক গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হবে। তাদের জন্য মানসম্মত চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালে গিয়ে যেন কোনো ভোগান্তি ছাড়াই সবাই সহজে চিকিৎসা পান। চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে না হয়—সরকারি হাসপাতালই যেন মানুষের প্রধান ভরসার জায়গা হয়ে ওঠে।

কিডনি রোগীদের চিকিৎসা নিয়েও প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, জেলা পর্যায়ে যেখানে বর্তমানে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ জনবল গড়ে তোলা এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারের উদ্যোগ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। ১০১ শয্যায় উন্নীতকরণের জন্য প্রয়োজনীয় জনবল, অবকাঠামো ও অন্যান্য প্রস্তুতির বিষয় তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা অবকাঠামোর নকশাসহ বিভিন্ন কারিগরি বিষয় উপস্থাপন করেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।