বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
রোববার (১৯ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্রান্স দূতাবাসে অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি বাংলাদেশ সংসদের বিরোধীদলীয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদ সদস্য ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ফ্রান্সের ২৩৭তম জাতীয় দিবস উপলক্ষে ফ্রান্সের প্রেসিডেন্টের উদ্দেশে পাঠানো শুভেচ্ছা ও অভিনন্দনপত্র রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
শুভেচ্ছাপত্রে ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। এ সময় ফ্রান্সের রাষ্ট্রদূত শুভেচ্ছাপত্রটি সাদরে গ্রহণ করেন এবং এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

