ময়মনসিংহের গফরগাঁওয়ে যোহরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মহিউদ্দিন শেখ (৫৯) নামের এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের শিলাসী কাদের কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন শেখ পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের শিলাসী এলাকার মৃত আব্দুল বাছেদের ছেলে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মহিউদ্দিন শেখ মসজিদে যোহরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পৌর শহরের শিলাসী এলাকায় কাদের কমিউনিটি সেন্টারের সামনে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করায় নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন