কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ বলেছেন, ভালো শিক্ষার্থী না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সুশিক্ষিত মানুষ নয়, বরং গুন্ডা-মাস্তান তৈরি হবে।
মঙ্গলবার (১০ মার্চ) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, শিক্ষার্থীরা যদি ভালোভাবে এগিয়ে না আসে, তাহলে সমাজে অসভ্যতা বাড়বে। কুড়িগ্রামকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি শিক্ষার্থীদের বেশি করে বই পড়া ও লাইব্রেরিমুখী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বড় হতে চাইলে বড় মানুষের সঙ্গে মেশার চেষ্টা করতে হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে বড় মানুষের জীবনী পড়তে হবে।
তিনি আরও বলেন, কুড়িগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। এর জন্য শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মেধাকে কখনো চেপে রাখা যায় না। নদীর স্রোত যেমন থামানো যায় না, তেমনি মেধাবী শিক্ষার্থীরাও শেষ পর্যন্ত নিজেদের যোগ্যতার মাধ্যমে এগিয়ে যায়।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদর উপজেলা আহ্বায়ক এম আর রাজু আহমেদ রাজ্জাক, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, কলেজ শাখার আহ্বায়ক খালিদ হাসান জিম ও জেলা মুখ্য সংগঠক নুর আমিন প্রমুখ।

