ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যমুনা সেতুতে ৪৮ ঘণ্টায় ৬ কোটি টাকা টোল আদায়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১০:৪৭ এএম
যমুনা সেতুতে টোল আদায়ের দৃশ্য। ছবি : সংগৃহীত

ঈদকে সামনে রেখে যমুনা সেতুতে গত ৪৮ ঘণ্টায় যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড গড়েছে কর্তৃপক্ষ। এ সময় মোট ৮২ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

রোববার (১৫ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত এই পরিসংখ্যান পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি ছুটি শুরু হওয়ায় সোমবার বিকেল থেকে মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তবে বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত মহাসড়কের কোথাও বড় ধরনের যানজট দেখা যায়নি। গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়ক চালু থাকায় যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।

এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ১৩ দশমিক ৫ কিলোমিটার এলাকায় যানজটের আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চালক ও যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাচ্ছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকামুখী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গমুখী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা। একদিনে মোট টোল আদায় দাঁড়িয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যানবাহনের চাপ সামাল দিতে বর্তমানে ৯ থেকে ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলের জন্য দুই পাশে পৃথক বুথও চালু রয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে চালু হওয়ার পর থেকে যমুনা সেতুতে নিয়মিত টোল আদায় করা হচ্ছে। বর্তমানে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন টোল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে।