টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে পবিত্র কুরআনের হাফেজদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন 'আল মুহাসানাহ ছাত্র পরিষদ'-এর উদ্যোগে আয়োজিত হয় ‘হিফজ সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬’।
সোমবার (২৩ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, পূর্বনির্ধারিত নিবন্ধনের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন এলাকার ১৪০ জন কৃতি হাফেজ এই সম্মাননা গ্রহণ করেন।
স্থানীয়রা জানান, এই অঞ্চলে এক মঞ্চে এত বিপুল সংখ্যক হাফেজকে সংবর্ধনা দেওয়ার ঘটনা এটিই প্রথম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু হাফেজদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বিশেষ অতিথির বক্তব্যে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মাহদী হাসান শিবলী বলেন, এ ধরনের সুন্দর ও সময়োপযোগী আয়োজন আরও আগেই হওয়া প্রয়োজন ছিল। বড়রা যা করতে পারেননি, তরুণরা তা করে দেখিয়েছে।
সংগঠনের সহ-সভাপতি নাঈম আহমেদ জানান, মানুষের ভালোবাসা ও সহযোগিতাই তাদের পথচলার মূল শক্তি। ভবিষ্যতেও তারা সমাজকল্যাণমূলক ও দ্বীনি কার্যক্রম অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার ভিপিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

