কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার সময় অজ্ঞাতনামা (৩৫) বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরনে জিন্সের প্যান্ট ও একটি খয়েরি শার্ট রয়েছে।
খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার পরিচয় শনাক্তকরণে জেলা পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তাছাড়া গতরাতে স্টেশনের পশ্চিম আউটারে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি মৃত্যু বরণ করে। পিবিআই তার পরিচয় শনাক্ত করার পর নিহতের স্বজনদের খবর দেওয়া হলে তারা এসে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সকালে তার লাশ নিয়ে যায়। সে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বাসিন্দা।
ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক দিদার হুসেইন জানান, বেলা ১২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের আউটার সিগন্যাল এলাকায় রেললাইন দিয়ে হাঁটার সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি কয়েক টুকরো হয়ে যায়। কন্ট্রোলের মাধ্যমে খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তে জেলা পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তাছাড়া গতরাতে স্টেশনের পশ্চিম আউটার এলাকায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি মারা যায়। তার পরিচয় শনাক্ত হওয়ার পর আজ সকালে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন