নরসিংদী সদর-১ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, মরহুম সামসুদ্দীন আহমেদ এছাক শুধুমাত্র জনগণের কল্যাণেই কাজ করেননি, তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক।
নরসিংদী সদর থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য এবং নরসিংদী জেলা বিএনপির আমৃত্যু সভাপতি মরহুম সামসুদ্দিন আহমেদ এছাকের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) সকালে নরসিংদী শহরের আরশীনগরস্থ বটমূলে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন আরও বলেন, সামসুদ্দিন আহমেদ এছাক শুধু একজন সংসদ সদস্যই ছিলেন না, তিনি ছিলেন একজন গীতিকার, সুরকার ও সাংবাদিক। তিনি আজীবন মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। এলাকাবাসীর জন্য তার অবদান কখনো ভোলার নয়।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এই দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন: নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি মনজুর এলাহী, নরসিংদীর সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি বেগম রোকেয়া আহমেদ লাকী, জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, হারুন-অর-রশিদ, খবিরুল ইসলাম বাবুল, এম. এ জলিল, আকবর হোসেন, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁঞা, রবিউল ইসলাম রবি, বি.জি. রশীদ নওশের, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ, প্রচার সম্পাদক মো. ইলিয়াস আলী ভূঁঞা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ এবং নরসিংদী সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক এম. এ. আউয়াল প্রমুখ।
উল্লেখ্য, নরসিংদীর এই কিংবদন্তি নেতা ১৯৪১ সালে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। স্বাধীনতা-পূর্ব সময়ে স্থানীয় জবা টেক্সটাইল মিলে শ্রমিক নেতৃত্বের মাধ্যমে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৭৩ সালে তিনি নরসিংদী পৌরসভার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৭ সালে পৌর নির্বাচনে জয়ী হলেও দায়িত্ব পাননি। পরে ১৯৮৪ সালে তিনি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।
জনপ্রিয়তার কারণে ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা চারবার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি তিনি অসংখ্য কবিতা, নাটক ও গান রচনা ও সুর করেছেন। তার লেখা গান দেশের একাধিক খ্যাতনামা শিল্পীর কণ্ঠে চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে।
২০০৫ সালের ২৭ মার্চ তিনি অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন