রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত তিন শিশুর মধ্যে দু’জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এবং একজনের বাড়ি নাটোর। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ১৪৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে এবং ৩৭৭ জন শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও হাম সংক্রমণ বাড়ছে। এ পর্যন্ত ৭ জন প্রাপ্তবয়স্ক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শংকর বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুদের মধ্যে ১২ জন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে এবং আরও ৮ জন আইসিইউ সেবার অপেক্ষায় আছে। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
হামের প্রাদুর্ভাব বৃদ্ধির প্রেক্ষিতে পরিস্থিতি পরিদর্শনে শনিবার সকালে হাসপাতালটি পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি হাসপাতালের আইসিইউ, শিশু ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে সরকারের স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব রয়েছে। রামেক হাসপাতালসহ শিশু হাসপাতালে আইসিইউ বেড সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালটিতে আইসিইউ বেড সংকট রয়েছে এবং দ্রুত এ সংকট নিরসনে কাজ চলছে। হাম রোগের চিকিৎসাসহ সার্বিক ব্যবস্থাপনায় রাজশাহী সিটি কর্পোরেশন সহযোগিতা অব্যাহত রাখবে।
হাম প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নগরীর ৩০টি ওয়ার্ডে লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন