বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শহরের সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহ চাইলে বিপুল ভোটে বিজয়ী হবেন। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, বগুড়াও সেই সংস্কৃতির বাইরে নয়।
তিনি আরও বলেন, গত ১০-১২ দিনের মাঠের পরিস্থিতি সবার কাছে স্পষ্ট। বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, বুধবার রাতে তার এক কর্মীকে মারধর করে আহত করা হয়েছে।
বগুড়াকে ‘নতুন মাগুরা’তে পরিণত না করার আহ্বান জানিয়ে সোহেল বলেন, তারা সুষ্ঠু নির্বাচন চান। তবে ভোটের পরিবেশ প্রভাবিত করার চেষ্টা হলে তা প্রতিরোধে আন্দোলন গড়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি।
কেন্দ্রে এজেন্টদের উপস্থিতি সম্পর্কে তিনি জানান, প্রাথমিকভাবে এজেন্টরা কেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন।
এদিকে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণকে ঘিরে সদরজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। তবে জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় উপনির্বাচনে ভোটার উপস্থিতি কিছুটা কম।
নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।
জেলা প্রশাসনের তথ্যমতে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। ১৫০টি কেন্দ্রে ৮৩৫টি বুথে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
প্রশাসন ১৫০টি কেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ধরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবনের পুরুষ ও মহিলা কেন্দ্র, ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং বগুড়া করোনেশন ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র।
রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থী আসনটি ছেড়ে দেওয়ায় বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
এ উপনির্বাচনে বিএনপির রেজাউল করিম বাদশা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার (ফুলকপি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

