রংপুর ও ময়মনসিংহ বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৫ এপ্রিল) ভোরে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় বলা হয়, আজ দুপুর ১টার মধ্যে রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকা বিভাগ, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটসহ কয়েকটি বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে।
অন্যদিকে দেশের কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বর্তমানে ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জসহ কয়েকটি জেলা এবং খুলনা বিভাগ-এর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন