ঢাকার আশুলিয়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের উভয় পাশে অন্তত পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে বাইপাইল এলাকায় অবস্থিত আলিফ ম্যানুফ্যাকচারিং কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন। রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত তারা সড়কে অবস্থান করে যান চলাচল বন্ধ রাখেন।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, চলতি মাসসহ টানা তিন মাসের বেতন বকেয়া রয়েছে। কয়েক দফায় বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলে বাধ্য হয়ে সড়কে নেমে আন্দোলনে অংশ নিয়েছেন তারা। অবিলম্বে বকেয়া পরিশোধের দাবি জানান শ্রমিকরা।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে আশুলিয়া থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, শ্রমিকরা রাত ১০টার দিকে সড়ক অবরোধ করেন। বিষয়টি সমাধানে মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন