কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে চালক ও তার সহকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সকাল প্রায় ৬টা ৪৫ মিনিটে পাবনা-কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক আনিস ও তার সহকারী রতন। তাদের দুজনেরই বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে পাথর নিয়ে ট্রাকটি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে পড়ে এবং দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায়।
খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমে ট্রাকের কেবিনের ভেতর থেকে চালক আনিসের মরদেহ উদ্ধার করা হয়। পরে ট্রাক থেকে ছিটকে পড়া পাথর সরিয়ে সহকারী রতনের মরদেহও উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি কিংবা চালকের তন্দ্রাচ্ছন্ন অবস্থার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং দুই নিহতের মরদেহ উদ্ধার করে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন