শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. শাহজাহান মনির (৮৫) বুধবার (২৪ জুন) ভোর ছয়টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে অধ্যাপক ড. শাহজাহান হৃদরোগ ও ফুসফুসের বিভিন্ন রোগে ভুগছিলেন। গত কয়েকদিন তিনি চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। আজ বাদে যোহর নগরীর পাঁচলাইশ কাতালগঞ্জ বড় মসজিদ প্রাঙ্গনে তার জানাযা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক ড. শাহজাহান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা করেন এবং বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক হিসেবে তার সুখ্যাতি রয়েছে। তার বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
তার রচিত বেশ কয়েকটি বাংলা ব্যাকরণ বই স্কুল পর্যায়ে পাঠ্য রয়েছে। এসব বইয়ের মধ্যে রয়েছে- সহজ বাংলা ব্যাকরণ ও নির্মিতি, নতুন বাংলা ব্যাকরণ ও নির্মিতি, প্রাথমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সরল বাংলা ব্যাকরণ ও নির্মিত। বাংলা সাহিত্যে গবেষণাধর্মী কাজের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। তার একটি প্রশংসিত গবেষণামূলক গ্রন্থ হলো ‘বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা (১৯১৯-১৯৪০)’।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘বাঙলা সম্মিলিন’ এর সভাপতি অভীক ওসমান, কার্যকরী সভাপতি বিশ্বজিৎ চৌধুরী ও সাধারণ সম্পাদক জিন্নাহ চৌধুরী এক বিবৃবিতে অধ্যাপক ড. শাহজাহান মনিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

