মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদের খাসেরহাট সেতু-সংলগ্ন এলাকায় প্রশাসনের অভিযানের পরও অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে প্রতিনিয়ত নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে সেতুর নিরাপত্তা এবং নদীপাড়ের বসতবাড়ি ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশে পরিবর্তন হচ্ছে এবং নদীভাঙন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে নদীপাড়ের অনেক পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে খাসেরহাট সেতুও ঝুঁকির মুখে পড়তে পারে।
জানা গেছে, গত সপ্তাহে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে কয়েকটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, অভিযানের কয়েক দিনের মধ্যেই আবারও একই এলাকায় দিনে কিংবা রাতের আঁধারে বালু উত্তোলন শুরু হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, নিয়মিত অভিযান পরিচালনা এবং খাসেরহাট সেতুসহ নদীপাড় রক্ষায় স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন