চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে নামার সময় পা পিছলে নিচে পড়ে মো. রাফসান (২০) নামে এক তরুণ পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় চট্টগ্রামমুখী ঢাকা মেইল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফসান নরসিংদী জেলার মাধবদী এলাকার সাইদুল বেপারীর ছেলে। তিনি তিন বন্ধু—রাব্বি, রবিন ও রাকিবকে নিয়ে সীতাকুণ্ডে ভ্রমণে এসেছিলেন। তারা ট্রেনের ছাদে চড়ে সীতাকুণ্ডে পৌঁছান। স্টেশনে ট্রেন থামার পর ছাদ থেকে নামার সময় বৃষ্টিতে ভেজা ও পিচ্ছিল ছাদে পা পিছলে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান রাফসান।
তার বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন