বিশ্ব স্কাইডাইভিং দিবস উপলক্ষে একদিনে ৪৩টি দেশের অংশগ্রহণে ৩১ হাজারেরও বেশি নথিভুক্ত স্কাইডাইভ সম্পন্ন করে নতুন বিশ্বরেকর্ড গড়া হয়েছে। একদিনে সর্বোচ্চ সংখ্যক স্কাইডাইভের এই অর্জনকে স্কাইডাইভিং অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত এই আন্তর্জাতিক কর্মসূচির যৌথ আয়োজন করে ইউনাইটেড স্টেটস প্যারাস্যুট অ্যাসোসিয়েশন (ইউএসপিএ), অস্ট্রেলিয়ান প্যারাস্যুট ফেডারেশন, ব্রিটিশ স্কাইডাইভিং এবং কানাডিয়ান স্পোর্ট প্যারাস্যুটিং অ্যাসোসিয়েশন।
আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, দিনব্যাপী মোট ৩১ হাজার ৭৫টি স্কাইডাইভ নিবন্ধিত হয়েছে। এর ফলে ২০২৪ সালে স্থাপিত ৩০ হাজার ৩৫১টি স্কাইডাইভের আগের বিশ্বরেকর্ড ভেঙে নতুন নজির সৃষ্টি হয়েছে।
এই বৈশ্বিক আয়োজনে অভিজ্ঞ স্কাইডাইভারদের পাশাপাশি বিপুলসংখ্যক নতুন অংশগ্রহণকারীও যুক্ত হন। অনেকেই প্রথমবারের মতো প্রশিক্ষকের সহায়তায় ট্যান্ডেম স্কাইডাইভের অভিজ্ঞতা অর্জন করেন।
ইউনাইটেড স্টেটস প্যারাস্যুট অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক অ্যালবার্ট বের্খটোল্ড বলেন, প্রতিটি রেকর্ডই নতুন লক্ষ্য তৈরি করে এবং সেই লক্ষ্য অর্জনের মধ্য দিয়েই এগিয়ে যায় এই ক্রীড়া। তার ভাষ্য, বিশ্বের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ নির্ধারিত ড্রপ জোনে উপস্থিত হয়ে স্কাইডাইভিংয়ের প্রতি নিজেদের আগ্রহ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
তিনি আরও বলেন, নতুন এই রেকর্ড বিশ্বজুড়ে স্কাইডাইভিংয়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রমাণ। একই সঙ্গে এটি নতুনদের এই ক্রীড়ায় অংশ নিতে উৎসাহিত করবে এবং দীর্ঘদিন ধরে স্কাইডাইভিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিষ্ঠা ও অবদানেরও স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে।
আয়োজকদের মতে, বিশ্ব স্কাইডাইভিং দিবসের এই উদ্যোগের প্রধান লক্ষ্য ছিল আরও বেশি মানুষকে রোমাঞ্চকর এই ক্রীড়ার সঙ্গে পরিচিত করা, পাশাপাশি আন্তর্জাতিক স্কাইডাইভিং সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা, অংশগ্রহণ এবং পারস্পরিক সংযোগ আরও জোরদার করা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন