উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর দক্ষিণ উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টা ৪৮ মিনিটে (১৪:৪৮ জিএমটি) ভূমিকম্পটি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এর কেন্দ্রস্থল ছিল গুয়াতেমালা সীমান্তসংলগ্ন চিয়াপাস রাজ্যের পুয়ের্তো মাদেরো বন্দরের প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) উত্তরে।
ভূমিকম্পের কম্পন মেক্সিকোর বিভিন্ন এলাকায় অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটি মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্ভাব্য সুনামির ঝুঁকি বিবেচনায় সতর্কতা জারি করে।
কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন