মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ষাঁড় উদ্ধার ও আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগরের পাটাভোগ এলাকা থেকে আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বেলদহ গ্রামের বাসিন্দা মাহিদুল ইসলাম (৩৭)। তিনি বর্তমানে শ্রীনগরের পাটাভোগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
অপরজন শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সমসাবাদ পশ্চিম চকেরপাড়া এলাকার বাসিন্দা সোহেল ব্যাপারী (৩৮)।
পুলিশ জানায়, শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম এলাকার বাসিন্দা ছায়েদ মৃধা (৭২) গত ১৬ জুলাই রাতে গোয়ালঘরে সাতটি গরু রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে উঠে তিনি দেখতে পান, গোয়ালঘর থেকে ১৮ মাস বয়সি একটি কালো রঙের ষাঁড় গরু চুরি হয়ে গেছে। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ২ গরুচোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাটাভোগ ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘরের সামনে আমগাছের সঙ্গে বাঁধা অবস্থায় চোরাই কালো রঙের ষাঁড়টি উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান। পাশাপাশি গরুচোর চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন