যশোরের মণিরামপুরে নিখোঁজের দুই দিন পর ভ্যানচালক মহাসিন মোল্লার (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। নিহত মহাসিন চালুয়াহাটি গ্রামের জাহিদ মোল্লার ছেলে। স্বজনদের ধারণা, হত্যার পর দুর্বৃত্তরা তার ভ্যানটি ছিনিয়ে নিয়েছে। লাশের ময়নাতদন্ত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে।
নিহতের বড় ভাই মিলন মোল্লা জানান, মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় মহসিন। সন্ধ্যার দিকে শয়লা বাজারে ভাইয়ের সাথে তার শেষ দেখা হয়। বড় ভাড়া পেয়েছি, বলে চলে যায়। পরে গভীর রাত পর্যন্ত মহাসিন বাড়িতে না ফিরে আসায় তারা চিন্তিত হয়ে পড়েন। এরপর খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। তার ব্যবহৃত মুঠোফোনের নম্বরও বন্ধ ছিল। মহাসিনের নিখোঁজের ঘটনায় বুধবার (২২ জুলাই) মনিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মিলন মোল্লা আরও জানান, বৃহস্পতিবার সকালে লোকমুখে জানতে পারি, পারখাজুরা বাঁওড়ে এক যুবকের মরদেহ ভেসে উঠেছে। সেখানে গিয়ে মহাসিনের মরদেহ শনাক্ত করা হয়।
মিলনসহ অন্য স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা মহাসিনকে হত্যার পর ইঞ্জিন ভ্যান, দুটি মোবাইল ছিনিয়ে নিয়েছে। তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন।
মণিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, পারখাজুরা বাঁওড়ে নিখোঁজ ভ্যানচালক মহসিনের মরদেহ ভাসছিল। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন