চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ জুলাই থেকে আগের রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়মিত পরীক্ষার পর স্থগিত পরীক্ষাগুলোর রুটিন প্রকাশ করা হবে।
সাম্প্রতিক বন্যার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের সমস্যাসহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৭ জুলাই থেকে অবশিষ্ট পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সব পক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন