শেরপুরের নকলায় মিনি পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রফিকুল ইসলাম রাব্বী (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে নকলা-নালিতাবাড়ী মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বী নকলা উপজেলার ধনাকুশা বাঁশকান্দা এলাকার মৃত ময়জ উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি মিনি পিকআপ (ঢাকা মেট্রো ন-১৩-১৮২১) নকলা-নালিতাবাড়ী মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল (শেরপুর-হ-১১-৩৯৬৬) নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে চলে যায়। মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি রিকশা চলে আসায় চালক রাব্বী দ্রুত ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে নকলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানা পুলিশ জানায়, ঘাতক মিনি পিকআপটি জব্দ করা হয়েছে এবং এর চালক নূর মোহাম্মদকে (২৬) আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। আটক নূর মোহাম্মদ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা এলাকার মৃত মো. ওয়াহাব আলীর ছেলে।
এ বিষয়ে নকলা থানায় একটি নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে এবং নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন