বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক কওমি মাদ্রাসাছাত্র রিমন হোসেন (১৮) নিহত হয়েছেন। এ সময় অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।
আহতদের বগুড়া ও নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের ইন্তেহাদ প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিমন হোসেন আদমদীঘি উপজেলা সদরের কাশিমালা গ্রামের উজ্জল হোসেনের ছেলে। আহতরা হলো- আক্কেলপুর উপজেলার পুরঘর গ্রামের লিটনের ছেলে তৌফিক হোসেন ও একই গ্রামের জুয়েল হোসেনের ছেলে রাহিম হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় রিমন হোসেন তার অপর দুই বন্ধুকে নিয়ে সান্তাহার থেকে মোটরসাইকেলযোগে আদমদীঘি ফেরার সময় বগুড়া-নওগাঁ মহাসড়কের ইন্তেহাদ প্লাস্টিক কারখানার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসেন।
আহতদের মধ্যে গুরুতর রিমন হোসেন ও তৌফিক হোসেনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক রিমন হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর আহতরা চিকিৎসাধীন।
আদমদীঘি থানার ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন