ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

বান্দরবানের দুর্গম পাহাড়ে মানব কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৪:২৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) উপজেলার বাইশারী ইউনিয়ন থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ২৮০ নম্বর আলীক্ষ্যং মৌজার হাতির ডেরা নামক গহীন জঙ্গল এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, এদিন দুপুরের দিকে ইউপি সদস্য নুর মোহাম্মদ পুতনের একাশি বাগানসংলগ্ন জঙ্গল এলাকায় স্থানীয়রা একটি মাথার খুলি ও মানবদেহের হাড় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে আলীক্ষ্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি মাথার খুলি, পায়ের হাড়ের অংশ এবং একটি ব্যাগ উদ্ধার করেছে। তবে কঙ্কালটি সেখানে কিভাবে এলো, বা এর পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে। কঙ্কালের অবস্থা দেখে তাদের ধারণা, ঘটনাটি প্রায় পাঁচ থেকে ছয় মাস আগের হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. মনজুর আহসান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালটির ময়নাতদন্ত ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।