ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি : সংগৃহীত

পরিবেশভিত্তিক সাংবাদিকতায় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), ইউনিলিভার বাংলাদেশ এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-এর যৌথ উদ্যোগে পরিচালিত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচির অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চট্টগ্রাম নগরীর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা ও চলমান উদ্যোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সাংবাদিকতার মৌলিক বিষয়, জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিবেদন তৈরির কৌশল এবং অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিভিন্ন ফিল্ড ভিজিটে অংশ নিয়ে স্কুলভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, বাসাবাড়িতে বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা এবং বর্জ্য সংগ্রহকারীদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। দেশের অভিজ্ঞ সাংবাদিক ও যোগাযোগ বিশেষজ্ঞরা কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ইউনিলিভার বাংলাদেশের ফ্যাক্টরি ডিরেক্টর এস এম তারেক সাইফুল্লাহ। এ ছাড়া ইপসা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় উৎসাহ জোগাবে এবং পরিবেশগত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরিতে আগ্রহ বৃদ্ধি করবে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে ইউনিলিভার বাংলাদেশ, চট্টগ্রাম সিটি করপোরেশন ও ইপসার সহযোগিতায় চট্টগ্রাম শহরের ৪১টি ওয়ার্ডে সমন্বিত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ উদ্যোগের আওতায় এ পর্যন্ত ৩৩ হাজার টনের বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করা হয়েছে।