সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারের সময় মো. মাসুম মিয়ার মালিকানাধীন একটি ইঞ্জিনচালিত নামবিহীন ট্রলারসহ তিন জেলেকে অপহরণ করেছে জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন এলাকায় মাছ শিকারের সময় জলদস্যুরা ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপহৃত জেলেদের নাম জানা যায়নি। তবে তাঁদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
ট্রলার মালিকের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, কয়েকদিন আগে বাজার-সদাই করে পাথরঘাটা উপজেলার মাসুম মিয়ার একটি ইঞ্জিনচালিত ছোট ট্রলার নিয়ে তিন জেলে সুন্দরবনে মাছ শিকারে যান। শনিবার দিবাগত রাতে মাছ ধরার সময় হঠাৎ জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী মুক্তিপণের দাবিতে ট্রলারসহ তাদের অপহরণ করে নিয়ে যায়। নির্ধারিত সময়ের মধ্যে মুক্তিপণ দিতে না পারায় তাদের দফায় দফায় মারধর করা হচ্ছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, কয়েকদিন আগেও একই জলদস্যু বাহিনী পাথরঘাটার ফোরকান মাঝি ও সিদ্দিকসহ আট জেলেকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাঁরা মুক্তিপণ দিয়ে ফিরে আসেন।
এ বিষয়ে কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। লিখিতভাবে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


