ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের নিকট থেকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শনিবার (২০ ডিসেম্বর) তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস। এ সময় বোরহানউদ্দিন থানা পুলিশও উপস্থিত ছিলেন।
জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে জড়িত ব্যক্তি হলেন মো. হারুন, ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের সুলতান আহমেদের ছেলে। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৫(১) ধারায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মো. হারুনকে (৫৫) ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস দৈনিক রূপালী বাংলাদেশকে জানান, ‘অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে তেতুলিয়া ও মেঘনায় এরকম অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন