ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাইড দিতে গিয়ে খালে বাস, আহত অন্তত ১২

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৪:৪২ পিএম
সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে। ছবি : রূপালী বাংলাদেশ

ভোলার বোরহানউদ্দিনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেছে। এতে বাসের যাত্রী ও চালকসহ অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কেরামতগঞ্জ বাজার এলাকার ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চরফ্যাশন থেকে চট্টগ্রামগামী ‘সোহাগ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস কেরামতগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি রাস্তার পাশের খালে পড়ে যায়। এ সময় বাসে থাকা যাত্রীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পরেশ পাল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। আহতদের মধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় পতিত বাসটি উদ্ধারে কাজ চলমান রয়েছে।