ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে সামুদ্রিক ইলিশ জব্দ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৯:২৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ডের যৌথ অভিযানে ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার, ১৩ মে ২০২৬ রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল ২০২৬ থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। ওই নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে কোস্ট গার্ড বেইস ভোলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে গত মঙ্গলবার, ১২ মে ২০২৬ রাত ১০টায় ভোলার সদর থানার পানপট্টি বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক ৩টি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দ করা মাছ ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।