ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধুনটে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে আব্দুল বাসেত নামের এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১১ মে) সকালে এমন নির্যাতনের শিকার হওয়া ওই মাদ্রাসার এক ছাত্র উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছে।

অভিযুক্ত আব্দুল বাসেত ধুনট দারুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক ও উপজেলা মডেল মসজিদের খতিব।

ভুক্তভোগী ওই ছাত্র জানায়, গত বছর সে ধুনট পৌর এলাকায় অবস্থিত ধুনট দারুল উলুম কওমি মাদ্রসার ইয়াজদাহম জামাতে ভর্তি হয়। আবাসিক ছাত্র হিসেবে শিক্ষক ও উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাসেতের কক্ষেই ঘুমাত। শিক্ষক আব্দুল বাসেত ওই ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে রাতে বিভিন্ন সময় বলৎকারের মতো অনৈতিক ও আপত্তিকর কাজে বাধ্য করতেন। শিক্ষক আব্দুল বাসেত শুধু ওই ছাত্রকেই নয় আরও একাধিক ছাত্রের সাথেও অনৈতিক কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী ছাত্ররা বিষয়টি  মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিুকল ইসলামকে জানালে অধ্যক্ষ উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগীদের নানা প্রকার ভয়ভীতিও দেখান। এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী ওই ছাত্র ধুনট উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ করেছে।

শিক্ষক আব্দুল বাসেত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সম্মানহানির উদ্দেশ্যে শত্রুতাবশত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলামও অভিযোগকে সাজানো ও মিথ্যা দাবি করে বলেন, ‘ছাত্রদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমি তদন্ত করেছি। অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।’

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’