ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সাইবার অপরাধ মামলায় শেরপুরে ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ একাধিক সিম

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর কেরানী বাজারে অভিযান চালিয়ে সাইবার অপরাধের একটি মামলায় মো. আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার অপরাধ বিভাগের একটি বিশেষ দল।

রোববার (২৬ জুলাই) বিকেলে কেরানী বাজারে আমিনুল ইসলামের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। এ সময় মো. ফারুক হোসেন নামে অপর একজনকে আটক করা হলেও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

সোমবার (২৭ জুলাই) ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ডিবির সদস্যরা বিকেল প্রায় ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আমিনুল ইসলামের বিকাশ লেনদেন-সংক্রান্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালান। এ সময় দোকানে ব্যবহৃত বিভিন্ন মোবাইল সিম পরীক্ষা-নিরীক্ষা করে বেশ কয়েকটি সিম জব্দ করা হয়।

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান, ঢাকা ডিবি হেডকোয়ার্টারের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় থানা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

ডিএমপির সাইবার অপরাধ বিভাগের কর্মকর্তা মো. মহসীন সরকার জানান, ঢাকার কলাবাগান থানায় দায়ের হওয়া ২০২৬ সালের সাইবার ক্রাইমের ৭ নম্বর মামলায় আমিনুল ইসলামকে আসামি করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২২, ২৪ ও ২৭ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে বগুড়ার শেরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আইন অনুযায়ী, ধারা ২২-এ ডিজিটাল মাধ্যমে প্রতারণা বা জালিয়াতি, ধারা ২৪-এ অন্যের পরিচয় ব্যবহার বা পরিচয় গোপন করে অপরাধ এবং ধারা ২৭-এ সাইবার ব্যবস্থার অপব্যবহারের মাধ্যমে সংঘটিত অন্যান্য শাস্তিযোগ্য অপরাধের অভিযোগের বিধান রয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেপ্তার আমিনুল ইসলাম ডিবি হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।