নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুনিরা খাতুন তার বোন মহসিনার সঙ্গে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। এ সময় খবর পেয়ে তার স্বামী ফরহাদ হোসেন হাসপাতালে আসেন। জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য কলহ চলছিল। রোববার ভোরে ফরহাদ ঢাকা থেকে বাড়িতে ফেরেন।
হাসপাতালের সামনে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ফরহাদ ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মুনিরার বুকে ও পেটের বাম পাশে আঘাত করেন। পরে তিনি পালানোর চেষ্টা করলে হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
গুরুতর আহত অবস্থায় মুনিরা খাতুনকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
আটক ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। নিহত মুনিরা খাতুন ধামইরহাট উপজেলার অমরপুর গ্রামের মাসুদের মেয়ে।
ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

