ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বাউবি উপাচার্যের নামে প্রতারণা: সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নাম, ছবি ও পরিচয় অবৈধভাবে ব্যবহার করে একটি প্রতারক চক্র অর্থ দাবি ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা +৮৮০১৩৫৭০৭৮০২২ মোবাইল নম্বর ব্যবহার করে নিজেদের উপাচারয়ের পরিচয়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেও প্রতারণার চেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, +৮৮০১৩৫৭০৭৮০২২ নম্বরটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কোনো মোবাইল নম্বর নয়।

বাউবি কর্তৃপক্ষ সবাইকে এ ধরনের প্রতারণামূলক যোগাযোগ সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, উপাচার্য ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কোনো প্রয়োজনে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কারও কাছে অর্থ দাবি করেন না।

কর্তৃপক্ষ আরও অনুরোধ জানিয়েছে, এ ধরনের কোনো কল, বার্তা বা অনলাইন যোগাযোগ পেলে বিভ্রান্ত না হয়ে অর্থ লেনদেন থেকে বিরত থাকতে এবং বিষয়টি নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করতে।