পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর অথবা বয়সসীমা পূর্ণ হওয়া পর্যন্ত—যেটি আগে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, দায়িত্ব পালনকালে তিনি সরকার নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান অনুসারে তাকে দায়িত্ব পালন করতে হবে এবং পূর্ণকালীনভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও প্রচলিত আইন অনুযায়ী তার ওপর অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

