রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেছেন, আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে দায়িত্বশীল ও ইতিবাচক গণমাধ্যমের বিকল্প নেই। তিনি রিহ্যাবের কার্যক্রম আরও কার্যকরভাবে জনগণের কাছে তুলে ধরতে স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
দশ বছর পর আবারো শুরু হচ্ছে দেশের আবাসন খাতের অন্যতম বৃহৎ আয়োজন ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’। আগামী ১২ থেকে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত রাজধানীর শাহবাগে শহিদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আজ সোমবার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার (২০২৬-২৮) প্রথম সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।
সভায় আসন্ন রিহ্যাব সামার ফেয়ার-২০২৬ সফলভাবে আয়োজন, ব্যাপক প্রচার, সংবাদমাধ্যমের সঙ্গে কার্যকর সমন্বয় এবং আবাসন খাতের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এবারের রিহ্যাব সামার ফেয়ার-২০২৬-এ চার দিনব্যাপী এ মেলায় দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, আবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং আর্থিক খাতের প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করবে। মেলায় দর্শনার্থীরা একই ছাদের নিচে বিভিন্ন আবাসন প্রকল্প, ফ্ল্যাট, প্লট, গৃহঋণ সুবিধা এবং বিনিয়োগ-সংক্রান্ত তথ্য জানার সুযোগ পাবেন।
রিহ্যাব সভাপতি সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সহায়তায় রিহ্যাব দেশ ও দৃষ্টিনন্দন নগর গঠনে ভূমিকা রাখবে। বিগত কয়েক বছর দুর্বল নেতৃত্বের কারণে সংগঠনের অনেক ক্ষতি হয়েছে। বর্তমান কার্যনির্বাহী কমিটি সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং পরিকল্পিত নগরায়ণে অগ্রণী ভূমিকা রাখবে। ভূমিকম্প প্রতিরোধে আধুনিক পন্থায় এবং পরিকল্পিতভাবে রিহ্যাব সদস্যরা যাতে ভবন নির্মাণ করতে পারে সেজন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। রিহ্যাব শক্তিশালী হলে দেশের অর্থনীতিও গতিশীল হবে। আমরা দেশ ও দেশের উন্নয়নে অবদান রাখতে চাই।
এর আগে, আজ সোমবার বিকেল ৫টায় রিহ্যাব সচিবালয়ের (৭ম তলা) সভাকক্ষে স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার (২০২৬-২৮) প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক তাসনোভা মাহবুব সালাম সভাপতিত্ব করেন। সভায় তাসনোভা মাহবুব সালাম স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার (২০২৬-২৮) বিস্তারিত কর্মপরিকল্পনা, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার, রিহ্যাবের কার্যক্রমের ইতিবাচক প্রচার, ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতি বৃদ্ধি, তথ্যভিত্তিক যোগাযোগ, গুজব প্রতিরোধ এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
সভায় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (৩) এ. এফ. এম. ওবায়দুল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার কো-চেয়ারম্যান তৌহিদা সুলতানা, এম. ছাখাওয়াত হোছাইন ও মোহাম্মদ মোবারক হোসেন, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার সদস্য এম. মমিনুল ইসলাম সংগ্রাম, শামিমা আলম, ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী, শরীফ উদ্দিন আহমেদ, মিজানুর রহমান চৌধুরী এবং মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সবাই নিজ নিজ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এবং কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে গঠনমূলক মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।

