ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বিএসএফআইসির চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন শামছুজ্জামান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৬:৪১ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শামছুজ্জামান (সুরুজ)।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে গত ২৩ জুলাই ২০২৬ জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য গ্রেড-২ মর্যাদায় চুক্তিভিত্তিকভাবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মো. শামছুজ্জামান (সুরুজ)।

মো. শামছুজ্জামান (সুরুজ) পেশায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্ট ও ঢাকা বার অ্যাসোসিয়েশন ভবনে পৃথক চেম্বারের মাধ্যমে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

১৯৭০ সালে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মশুদ্দি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘদিনের আইন পেশার অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল, দক্ষ ও আধুনিকায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।