বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল খালেকের সঙ্গে করপোরেশনের নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিএসইসি ভবনের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুর আলম। এতে বিএসইসির পরিচালকবৃন্দ, সচিব, সিআইপিও, বিভাগীয় প্রধান এবং নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকরা সরাসরি ও ভার্চুয়ালি (জুম প্ল্যাটফর্মে) অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে কর্মকর্তারা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে করপোরেশনের উন্নয়ন ও সমৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বিএসইসি, পিআইএল ও বিবিএফএলের সিবিএ নেতৃবৃন্দ শ্রমিক-কর্মচারীদের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় বক্তব্যে চেয়ারম্যান আব্দুল খালেক সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিষ্ঠানের সার্বিক স্বার্থ ও দেশের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বিএসইসি ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

