ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট জব্দ, ১৬ জেলে আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল এবং ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ১৬ জন জেলেকে আটক করা হয়।

রোববার (২৬ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৩টার দিকে চট্টগ্রামের বাঁশখালী থানার এস. আলম জেটি সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরে বোটে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল, ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয় এবং ১৬ জন জেলেকে আটক করা হয়।

পরে সামুদ্রিক মৎস্য দপ্তর, আগ্রাবাদের সহকারী পরিচালকের উপস্থিতিতে ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয়। জব্দ করা ট্রলিং জাল ধ্বংস করা হয়। এ ছাড়া মুচলেকা নিয়ে বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ২ লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।