ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, যিনি ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন, এবার বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক করতে পারেন তিনি। ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে এমন গুঞ্জন এখন জোরালো।
জানা গেছে, নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলিতে’ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য মধুমিতা সরকারের নাম বিবেচনায় রয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি নন সংশ্লিষ্টরা।
মধুমিতা সরকার কলকাতার টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ। ‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’ এবং ‘চিনি’সহ একাধিক জনপ্রিয় কাজের মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেছেন। বাংলাদেশেও তার রয়েছে বিপুল ভক্ত-অনুরাগী।
বাংলাদেশে এর আগে বড় পর্দায় কাজ না করলেও, ২০১৬ সালে এনটিভিতে প্রচারিত ‘মেঘবালিকা’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। সেই নাটকে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছ থেকেও প্রশংসা পান। ‘গুলশানের চামেলিতে’ অভিনয় করলে সেটিই হবে বাংলাদেশের চলচ্চিত্রে তার প্রথম কাজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘গুলশানের চামেলি’ রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার দিককে কেন্দ্র করে নির্মিত একটি ব্যতিক্রমধর্মী সিনেমা। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও সমাজ ও ক্ষমতার নির্মম শিকার হন।
নির্মাতা মোহাম্মদ ইকবালের ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকবে না। পুরো গল্প আবর্তিত হবে একজন নারীকে ঘিরে। তিনিই ছবির মূল চরিত্র, আবার গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্নমাত্রিক রূপেও দেখা যাবে। ফলে এটি একটি নারীকেন্দ্রিক সিনেমা হিসেবে নির্মিত হচ্ছে।
মধুমিতা সরকারের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ ইকবাল বলেন, এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না। সবকিছু কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তার এই বক্তব্যের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। উল্লেখ্য, ২০২০ সালেও ‘গুলশানের চামেলি’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে বিভিন্ন কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। এবার নতুন পরিকল্পনায় সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রযোজক হিসেবে মোহাম্মদ ইকবাল এর আগে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘শুটার’ ও ‘বীরের’ মতো আলোচিত সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। পরে পরিচালক হিসেবে নির্মাণ করেন ‘ডেডবডি’, ‘কিল হিম’ এবং ‘রিভেঞ্জ’। এবার ‘গুলশানের চামেলি’ দিয়ে তিনি আবারও ভিন্নধর্মী গল্পের সিনেমা নিয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছেন।

