সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করে হাসপাতালে অনুপস্থিত এক চিকিৎসককে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
রোববার (২৬ জুলাই) সকালে পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার (ওটি), অফিস কক্ষ, ওয়াশরুম এবং চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা খাতা পরিদর্শন করেন। এছাড়া হাসপাতালের রান্নাঘর ঘুরে দেখে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান যাচাই করতে নিজেই খাবার পরীক্ষা করেন। পাশাপাশি হাসপাতাল চত্বর ও পুকুর এলাকা পরিদর্শন করে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নিকে স্ট্যান্ড রিলিজের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের এসি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে নাইটগার্ড মোস্তফা বিশ্বাসের ভূমিকার তদন্তের কথাও বলেন।
এ সময় মন্ত্রী হাসপাতালের ওয়াশরুমসহ চলমান সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে ২০১৭ সালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কয়েকজন কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনা হয়। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

