ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ইউআইইউতে অনুষ্ঠিত হলো ‘এক্সটেন্ডেড বিইএআর সামিট ২০২৬’

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৫:৪৩ পিএম
ছবি : সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের সহযোগিতায় গত ২৪ জুলাই ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘এক্সটেন্ডেড বিইএআর সামিট ২০২৬’। জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬-এর পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এ সম্মেলনে ইউআইইউর শিক্ষার্থীরা বিশ্বের খ্যাতনামা গবেষক, শিক্ষাবিদ, শিল্পখাতের নেতা এবং উদ্ভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

সম্মেলনে বায়োটেকনোলজি, ইলেকট্রনিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষা, গবেষণা সহযোগিতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ সামিট বাংলাদেশের একাডেমিয়া ও আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।

উদ্বোধনী অধিবেশনে পারডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং সিলিকন রিভার বিইএআর-এর চিফ আর্কিটেক্ট প্রফেসর মুহাম্মদ মোস্তফা হোসেন আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণাভিত্তিক উদ্ভাবন, বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের অংশীদারিত্ব এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সামিটের প্লেনারি সেশনে টেক্সাস ইন্সট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই এবং পারডু ইউনিভার্সিটি অনলাইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর দিমিত্রি পেরৌলিস সেমিকন্ডাক্টর প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

এ ছাড়া ভিয়েতনাম সেমিকন্ডাক্টর প্রফেশনাল অ্যাসোসিয়েশনের (ভিএসপিএ) চেয়ারম্যান বিচ-ইয়েন থি ট্রান এবং সানডিস্কের ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার জয়াভেল পাচামুথু সেমিকন্ডাক্টর উদ্ভাবন, প্রযুক্তিগত নেতৃত্ব এবং ভবিষ্যতের মেমোরি প্রযুক্তি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, সিআরইডিও, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, এনএক্সপি সেমিকন্ডাক্টরস এবং ওয়াইইএস-এর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা সেমিকন্ডাক্টর উৎপাদন, উন্নত ইলেকট্রনিকস, গবেষণার বাণিজ্যিকীকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং উদীয়মান প্রযুক্তি বিষয়ে লাইটনিং টক উপস্থাপন করেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা একাডেমিয়া-শিল্পখাতের সহযোগিতা, আন্তর্জাতিক গবেষণা অংশীদারিত্ব, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া, ইউআইইউ আইএআর-এর নির্বাহী পরিচালক প্রফেসর ইমেরিটাস ড. এম. রিজওয়ান খান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, গবেষক এবং দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

সামিটের সমাপনী পর্বের আগে সেন্টার অব রিসার্চ এক্সিলেন্স ইন সেমিকন্ডাক্টর টেকনোলজি (সিআরইএসটি)-এর ফেলোদের অংশগ্রহণে একটি গবেষণা পোস্টার প্রদর্শনী এবং নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।