হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা, মানবিকতা ও দায়িত্বশীলতার ফলে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে পরিচয় যাচাই-বাছাই শেষে তার অভিভাবকের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকা থেকে ইতালিপ্রবাসী মোহাম্মদ আজিজুল ইসলামের ছয় বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ মাতব্বরকে কান্নারত ও অভিভাবকবিহীন অবস্থায় দেখতে পান কর্তব্যরত আনসার সদস্য মো. মিজানুর রহমান। শিশুটির নিরাপত্তার স্বার্থে তিনি তাৎক্ষণিকভাবে তাকে নিজের হেফাজতে নেন।
পরে তিনি বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। একই সঙ্গে মাইকিংয়ের মাধ্যমে শিশুটির স্বজনদের সন্ধান করা হয়।
একপর্যায়ে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকা থেকে শিশুটির মামা মো. সুমন মাতব্বরকে শনাক্ত করা হয়। পরে শিশুটিকে ডিএসও অফিসে নিয়ে যথাযথ পরিচয় যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষের উপস্থিতিতে তার মামার কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
শিশুটিকে ফিরে পেয়ে তার স্বজনরা আনসার সদস্যদের সতর্কতা, মানবিকতা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর, হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারিয়ে যাওয়া ব্যক্তি ও মালামাল উদ্ধার, জনসেবামূলক কার্যক্রম পরিচালনা এবং সেবাগ্রহীতাদের সহায়তায় বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, মানবিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছেন।

