পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এবার ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে অভিনয় ও বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত নাট্যধর্মী সিরিজ ‘দ্য আর্লি ডেজ’-এ অভিনয়ের পাশাপাশি তিনি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন। ইতোমধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিজটিতে রোনালদোর সঙ্গে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি ফরোয়ার্ড থিয়েরি অঁরি। বিশ্বখ্যাত এই দুই ফুটবল তারকার অংশগ্রহণের কারণে সিরিজটির সম্প্রচারস্বত্ব পেতে বিভিন্ন আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে তীব্র প্রতিযোগিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিরিজটির কাহিনি আবর্তিত হয়েছে কাল্পনিক ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করছেন হোমল্যান্ড ও বিলিয়নসখ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। গল্পের ধারণা দিয়েছেন প্রভাবশালী ফুটবল এজেন্ট ড্যারেন ডিন, যিনি থিয়েরি অঁরির এজেন্ট এবং সিরিজটির অন্যতম নির্বাহী প্রযোজক।
নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইউআর মার্ভ স্টুডিওস’ থেকে সিরিজটি নির্মিত হচ্ছে। খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন রোনালদো। সিরিজটিতে আরও অভিনয় করছেন ব্রিটিশ র্যাপার ডেভ ও নবাগত অভিনেত্রী কার্লোটা বেনেট। সম্প্রতি লন্ডনের উত্তর-পশ্চিমাঞ্চলের বারনেট এফসির মাঠে শুটিংয়ের প্রথম দিনেই থিয়েরি অঁরিকে ক্যামেরাবন্দি করা হয়েছে।
চলতি বছরের শুরুতে যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান চালুর সময় ম্যাথিউ ভন বলেছিলেন, ‘রোনালদো ফুটবল মাঠে এমন সব অবিশ্বাস্য গল্প তৈরি করেছেন, যা আমি লিখেও সৃষ্টি করতে পারতাম না। তার সঙ্গে অনুপ্রেরণাদায়ক চলচ্চিত্র নির্মাণের অপেক্ষায় আছি।’
অভিনয় ও প্রযোজনায় নতুন যাত্রা প্রসঙ্গে ৪১ বছর বয়সী রোনালদো বলেন, ‘এটি আমার জীবনের অত্যন্ত রোমাঞ্চকর একটি নতুন অধ্যায়। নতুন নতুন ব্যবসা ও উদ্যোগ নিয়ে কাজ করতে আমি মুখিয়ে আছি।’

