ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সোনারগাঁও ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের ফাইনাল ইয়ার থিসিস জুরি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:২৩ এএম
ছবি : সংগৃহীত

সোনারগাঁও ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের আয়োজনে সৃজনশীলতা, গবেষণা এবং সুচিন্তিত নকশার সমন্বয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘ফাইনাল ইয়ার থিসিস জুরি, স্প্রিং ২০২৬’। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের গবেষণাভিত্তিক স্থাপত্য নকশা ও উদ্ভাবনী চিন্তাধারা উপস্থাপন করেন, যা দেশের খ্যাতিমান স্থপতি ও শিক্ষাবিদদের মূল্যায়নের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী, সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ব্যবসা অনুষদের ডিন প্রফেসর মো. আল আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ব্রিগেডিয়ার (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল (এনডিসি, পিএসসি), আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান আকমল হাকিমসহ বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

ফাইনাল ইয়ার থিসিস জুরির সমন্বয় করেন আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান আকমল হাকিম এবং প্রভাষক নিলুফার ইয়াসমিন নীলা।

জুরি প্যানেলে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সাবেক উপাচার্য ড. কাজি আজিজুল মওলা, স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী নাকি, বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এস. এম. নাজমুল ইমাম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (IAB)-এর ২৬তম কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ চৌধুরী সাইদুজ্জামান এবং নকশাবিদ আর্কিটেক্টসের প্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা সংস্কৃতি, টেকসই উন্নয়ন, পরিবেশ ও মানব অভিজ্ঞতাকে কেন্দ্র করে তাদের সৃজনশীল ধারণাগুলোকে বাস্তবধর্মী স্থাপত্য সমাধানে রূপ দিয়ে বিচারকদের সামনে উপস্থাপন করেন। চূড়ান্ত থিসিস প্রকল্পগুলোর মূল্যায়নে জুরি সদস্যরা শিক্ষার্থীদের ড্রইং, মডেল ও থ্রিডি প্রেজেন্টেশন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং পেশাদার দৃষ্টিভঙ্গিতে গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন।

আয়োজকরা জানান, এই থিসিস জুরি শুধু একটি একাডেমিক মূল্যায়ন নয়; বরং শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে পেশাদার স্থপতি হিসেবে আত্মপ্রকাশের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এমন আয়োজন শিক্ষার্থীদের গবেষণা, নকশা দক্ষতা ও বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের সক্ষমতা আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।